দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর রায়পুরায় সৌদি প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে হৃদয় মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কামাল মিয়া (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাড়াতলী ইউনিয়নের সাচিয়াপাড়া এলাকায় সৌদি প্রবাসী আব্দুল সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের দানু মিয়ার ছেলে এবং আহত কামাল একই গ্রামের মধু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী আব্দুল সালাম ১০ দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। তাঁর দেশে ফেরার খবর পেয়ে সোমবার রাত ৩টার দিকে একটি চক্রের চার সদস্য তাঁর বাড়িতে চুরির উদ্দেশ্যে যায়। এ সময় হৃদয় ও কামাল বাড়ির একটি কক্ষে প্রবেশ করেন। চক্রের অপর দুই সদস্য বাইরে অবস্থান করছিলেন।
বাড়ির সদস্যরা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে হৃদয় ও কামালকে আটক করেন। পরে স্থানীয়রা তাদের মারধর করলে দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত কামালকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা আক্তার জানান, সোমবার সকালে দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হৃদয়কে হাসপাতালে আনার আগেই মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের দাবি, হৃদয় মিয়ার বিরুদ্ধে এলাকায় চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাড়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য ফুল মিয়া জানান, এসব অভিযোগের কারণে এলাকাবাসীর চাপের মুখে কিছুদিন ঢাকায় চলে গিয়েছিলেন হৃদয়। পরে এলাকায় ফিরে আবারও অপরাধে জড়ানোর অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্র আরও জানায়, প্রায় এক বছর আগে হৃদয়কে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার পথে জেলগেট থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি। পরে পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে। কারাগার থেকে জামিনে বের হওয়ার পর আবারও চুরিতে জড়ানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
পাড়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য ফুল মিয়া বলেন, রাত ৩টার দিকে হৃদয় ও কামাল সাচিয়ামারা এলাকার প্রবাসী আব্দুস সালামের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের আটক করে মারধর করেন। এতে হৃদয় গুরুতর আহত হয়ে মারা যান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, রাতে চুরির অভিযোগে স্থানীয়রা দুজনকে আটক করে মারধর করেন। ভোরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় মিয়ার বিরুদ্ধে চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এক বছর আগে তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার সময় হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/