দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরজাহান বেগম (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কের বরকত ফিলিং স্টেশনের দক্ষিণ-পশ্চিম কোণে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় নুরজাহানের হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে থাকা কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস ইয়াবা ছিল।
অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা ইয়াবার ওজন এক কেজি এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ লাখ টাকা।
গ্রেপ্তার নুরজাহান বেগম বাগেরহাটের কচুয়া উপজেলার জিয়ানগর গ্রামের মৃত মোকাচ্ছের হাওলাদারের মেয়ে। তার বর্তমান ঠিকানা পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি পশ্চিমপাড়া এলাকায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করার প্রক্রিয়া শুরু করেছেন।
এমএম/