দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৫) নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের গাজীপুরা বাঁশপট্টি এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসা ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুপুর সাড়ে ১টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভ চলছিল।
শিক্ষার্থীরা জানান, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাসে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এ ছাড়া আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিদিন ব্যস্ত এই মহাসড়ক পার হতে হয়। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় তাদের প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা করার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা আধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং স্থাপন এবং মহাসড়কে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীরা আরও জানান, কয়েক ঘণ্টার মধ্যে স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিতে হবে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘আন্দোলন চলমান রয়েছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। তারা যেসব দাবি জানিয়েছে, তা নিয়ে সমন্বয় করা হচ্ছে। দ্রুত বিষয়টি সমাধান করা হবে।’
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী নিহত হন।
এমএম/