দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী মিসেস ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে তিনি ঝালকাঠির ভীমরুলী এলাকার ভাসমান পেয়ারার বাজার ও বিভিন্ন পেয়ারা বাগান ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং পেয়ারা চাষ, উৎপাদন, বাজারজাতকরণ ও কৃষকদের জীবন-জীবিকা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান।
পরিদর্শনকালে ভীমরুলীর জলপথে নৌকায় নৌকায় পেয়ারা কেনাবেচা এবং বাজারের কর্মচাঞ্চল্য দেখে আগ্রহ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। স্থানীয় চাষিরাও তাকে ভীমরুলীর পেয়ারা চাষের ঐতিহ্য ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান।
পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার তাকে মুগ্ধ করেছে। এখানকার বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং উৎপাদিত পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা চাষ হয়ে থাকে। দেশটির ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন করা হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার অনন্য দৃশ্য দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। প্রতিবছর বর্ষা মৌসুমে এ বাজারে জমে ওঠে পেয়ারা বেচাকেনা।
মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শন স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। তারা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে ভীমরুলীর পেয়ারার পরিচিতি বাড়লে এ অঞ্চলের কৃষকরা আরও লাভবান হওয়ার পাশাপাশি পেয়ারা চাষ ও কৃষিভিত্তিক পর্যটনের সম্ভাবনাও বাড়বে।
কেএম