দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা সদর উপজেলায় একটি দলীয় কার্যালয়ের নিচের গোপন কক্ষ থেকে দুটি গরু উদ্ধারের পর নিজেকে জেলা যুবদলের নেতা পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার দোগাছী ইউনিয়নের কোমরপুর সীমান্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে আটক করা হয়। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ইসমাইল গুন্ডির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোমরপুর সীমান্ত বাজারে একটি দলীয় কার্যালয়ের নিচে চোরাই গরু রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যালয়ের নিচে থাকা একটি গোপন কক্ষ থেকে দুটি গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ওই কার্যালয়ের ব্যানার ব্যবহার করে সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছিল। কার্যালয়ের নিচে তৈরি গোপন গোয়ালঘরে চোরাই গরু রাখার পাশাপাশি বিভিন্ন সময় চুরি হওয়া সেলোমেশিন, সাবমার্সিবল পাম্প, টিউবওয়েলসহ বিভিন্ন মালামাল রাখা হতো বলেও অভিযোগ তাদের।
এলাকাবাসীর আরও অভিযোগ, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শরিফুল দলীয় পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, অর্থের বিনিময়ে সালিশ ও জমি দখলসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুলের সঙ্গে পাবনা জেলা যুবদল ও বিএনপির বিভিন্ন নেতার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ছবিতে তাকে যুবদলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।
পাবনা জেলা যুবদলের সদস্যসচিব মনির হোসাইন বলেন, “আমি তাকে চিনি। তিনি বিভিন্ন সময়ে কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার বাড়ি কুষ্টিয়ায়। তবে তিনি যুবদলের কোনো কমিটির সদস্য নন। কেউ দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গরুসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি বলেন, উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিক শনাক্ত করার পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
যে আই