দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের উজিরপুর পৌরসভায় বাঁশ ও সুপারিগাছ দিয়ে তৈরি প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি অস্থায়ী সাঁকো লাল ফিতা কেটে উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। এ উপলক্ষে ঢোল-বাদ্য, বয়াতিদের গান ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় এ সাঁকোর উদ্বোধন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে পারাপারে দুর্ভোগ পোহাচ্ছিলেন দুই ওয়ার্ডের মানুষ। পরে স্থানীয়দের অর্থায়নে বাঁশ ও সুপারিগাছ দিয়ে প্রায় ২০০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করা হয়।
উদ্বোধন উপলক্ষে সাঁকোটি ফুল ও বেলুন দিয়ে সাজানো হয়। পরে মো. শহিদুল ইসলাম খান লাল ফিতা কেটে সাঁকোটির উদ্বোধন করেন। এ সময় ঢোল-বাদ্য ও বয়াতিদের গান পরিবেশন করা হয় এবং উপস্থিত লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
উদ্বোধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ কেউ অস্থায়ী বাঁশের সাঁকো উদ্বোধনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, স্থানীয় মানুষের চলাচলের স্থায়ী সমাধানের জন্য সেখানে একটি পাকা সেতু প্রয়োজন। তবে অনেকে স্থানীয়দের নিজেদের অর্থায়নে সাঁকো নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সাঁকো উদ্বোধনের বিষয়ে মো. শহিদুল ইসলাম খান বলেন, সাঁকো উদ্বোধনের বিষয়ে আমার আগে থেকে কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না। স্থানীয় বাসিন্দা, নারী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তিতে ছিলেন। তাঁদের উদ্যোগেই সাঁকোটি তৈরি করা হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা আমাকে সেখানে ডেকে নিয়ে যান। সেখানে দেড় থেকে দুই শত মানুষ উপস্থিত ছিলেন। তারা লাল ফিতা কেটে সাঁকোটি উদ্বোধনের অনুরোধ করলে আমি ফিতা কাটি। গান-বাজনা ও মিষ্টি বিতরণের আয়োজনও স্থানীয়রাই করেছিলেন।
শহিদুল ইসলাম খান আরও বলেন, সাঁকোটি স্থানীয় মানুষের নিজেদের উদ্যোগে তৈরি করা হয়েছে এবং তার পক্ষ থেকে উদ্বোধনের কোনো আয়োজন করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, সাঁকোটি নির্মাণের ফলে আপাতত দুই ওয়ার্ডের মানুষের চলাচলের দুর্ভোগ কিছুটা কমেছে। তবে বাঁশ ও সুপারিগাছ দিয়ে তৈরি হওয়ায় এর নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে। ওই স্থানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
যে আই