দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী সমবায় মেলার আয়োজন করা হলেও উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যেই গুটিয়ে নেওয়া হয়েছে স্টলগুলো। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলার কথা থাকলেও উদ্বোধন করা হয় দুপুরে। পরে উদ্বোধনের কয়েক মিনিটের মধ্যেই স্টল থেকে পণ্য সরিয়ে নিতে শুরু করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ঘটনায় মেলার আয়োজনের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
রোববার (৮ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা সমবায় বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সমবায় সংগঠনের মোট ১০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে সংগঠনগুলোর উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছিল।
আয়োজকদের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে উদ্বোধন না হওয়ায় স্টলগুলোতে পণ্য বিক্রি শুরু করেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে দুপুর ২টা ৫০ মিনিটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনের পর অতিরিক্ত জেলা প্রশাসক ও সমবায় বিভাগের কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন। তাঁদের পরিদর্শন শেষ হতে না হতেই প্রায় পাঁচ মিনিটের মধ্যে স্টল মালিকরা পণ্য গুটিয়ে নিতে শুরু করেন। একপর্যায়ে স্টলগুলো ফাঁকা হয়ে যায়। ফলে সাধারণ মানুষের অংশগ্রহণ, পণ্য প্রদর্শন কিংবা সমবায় কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ কার্যত তৈরি হয়নি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সমবায় মেলা কেবল আনুষ্ঠানিকতা রক্ষার আয়োজন হতে পারে না। এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানো, সমবায় সংগঠনগুলোর কার্যক্রম তুলে ধরা এবং তাদের উৎপাদিত পণ্যের সঙ্গে মানুষকে পরিচিত করা। উদ্বোধনের কয়েক মিনিটের মধ্যেই মেলা শেষ হয়ে গেলে সেই উদ্দেশ্য কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে জেলা সমবায় কর্মকর্তা সালমান ইকবালের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। মেলার সময়সূচি এবং উদ্বোধনের পরপরই স্টল গুটিয়ে নেওয়ার বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। পরে দ্রুত স্থান ত্যাগ করেন।
এ সময় সাংবাদিকেরা বারবার বিষয়টি জানতে চাইলে তিনি অধীনস্থ এক কর্মকর্তাকে ডেকে সাংবাদিকদের ৫০০ টাকা করে দিয়ে চলে যেতে বলেন বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকেরা।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তার কাছে জানতে চাইবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
যে আই