দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাকের চাপায় মিজানুর রহমান (৩২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত মিজানুর রহমান শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের টেপরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল ঢাকার দোহার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি শিবালয়ে ফিরছিলেন মিজানুর রহমান। পথে পিপুলিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির ঢাকা মেট্রো-ট-২২-৩৮১৬ নম্বরের একটি ট্রাক ঝিটকাগামী ঢাকা মেট্রো-হ-৫৯-৬১২৭ নম্বরের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং চালক ফারুক প্রামানিক (৩৩) কে পুলিশের হাতে তুলে দেন। তিনি কুষ্টিয়া জেলার জয়নগর এলাকার জয়নুল প্রামানিকের ছেলে বলে জানা গেছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেএম