দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯)। জব্দ করা এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পরে আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ।
বিজিবি জানায়, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র অভিনব কৌশলে ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। ভোরে বিজিবির সদস্যরা পানিহাতা সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে অভিযান শুরু করলে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, জব্দ করা ভারতীয় ওষুধের চালানটি আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
কেএম