দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ডা. মো. তারিকুল ইসলাম। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতিকে নতুন পথ দেখিয়েছে। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নিতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান অর্জন করলেই চলবে না; দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মই একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আত্মত্যাগ, সাহস ও জাতীয় ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দিবসের শিক্ষা ও চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের দায়িত্বশীল, মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জ্ঞানচর্চার পাশাপাশি ন্যায়বোধ, সততা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাই একটি শক্তিশালী জাতি গঠনের ভিত্তি।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএস/