দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর ধামইরহাট ও মান্দা উপজেলায় পৃথক ঘটনায় এক গৃহবধূর মৃত্যু এবং এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে মান্দা উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট সংলগ্ন আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। একই দিন ভোরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিষপানে অসুস্থ গৃহবধূ রিমু আক্তার (২৫) মারা যান।
নিহত আতিকুর রহমান মান্দা উপজেলার কসব ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। রিমু আক্তার ধামইরহাট উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. সেকেন্দার আলীর স্ত্রী।
স্থানীয়দের ভাষ্য, সোমবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন আতিকুর রহমান। মঙ্গলবার সকালে নদীর পাড়ে হাঁটতে গিয়ে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে সোমবার নিজ বাড়িতে বিষপান করেন রিমু আক্তার। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জে আই