দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর মনোহরদীতে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে সমিতির মালিক ও কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী সদস্যরা।
সোমবার দুপুরে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের শেখের বাজারে সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সদস্যরা টাকা ফেরত ও অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আলম হোসেন স্থানীয় মানুষকে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর সদস্য করেন। বর্তমানে সমিতির প্রায় ৩০০ সদস্যের জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। তবে গত তিন বছর ধরে সদস্যদের কোনো লভ্যাংশ দেওয়া হচ্ছে না। এমনকি জমা টাকা ফেরত চাইতে গেলে সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। কয়েকজন সদস্যকে মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীরা বলেন, জীবনের সঞ্চয় সমিতিতে জমা রেখে এখন তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক পরিবারের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জমাকৃত অর্থ ফেরত, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে সমিতির সদস্য শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন রোকন, মানিক মিয়া, আকাশ মিয়া, মাহমুদা বেগমসহ শতাধিক গ্রাহক অংশ নেন।
পরে ভুক্তভোগীরা মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের কাছে স্মারকলিপি দেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আলম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এমএস/