দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে মহাসড়কে গাছ ফেলে একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে বিকাশের দুই সেলস রিপ্রেজেন্টেটিভের (এসআর) কাছ থেকে ৫৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে এক প্রতিনিধি আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার ১৪ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
আহত মো. আল আরমান (২৬) টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকাশের তিনজন সেলস রিপ্রেজেন্টেটিভ পালকি পরিবহনের একটি বাসে করে টেকনাফ থেকে হ্নীলা ও হোয়াইক্যাং এলাকার বিভিন্ন এজেন্টের কাছে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে দমদমিয়া বিওপি থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ১৪ নম্বর ব্রিজ এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি অস্ত্রধারী দল সড়কে গাছ ফেলে বাসটির গতিরোধ করে।
এরপর দুর্বৃত্তরা বাসে উঠে বিকাশের দুই প্রতিনিধির কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। বাধা দিলে আল আরমানকে ছুরিকাঘাত করা হয়। তার ডান হাতের ওপরের অংশে আঘাত লাগে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিকাশের এজেন্ট মালিক আবদুর করিম দাবি করেন, হামলাকারীরা ৫৭ লাখ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আল আরমানকে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর দুর্বৃত্তরা সড়কের পূর্ব পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায় বলে জানা গেছে। পরে বাসটি দমদমিয়া চেকপোস্টে পৌঁছালে বিজিবিকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, টেকনাফ-কক্সবাজার মহাসড়কের বন্দর এলাকায় গাছ ফেলে একটি বাস থামিয়ে দুর্বৃত্তরা এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৫৭ লাখ টাকা নিয়ে গেছে। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে তদন্ত ও অভিযান চলছে।
যে আই