দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের উচ্চচাপের প্রধান সঞ্চালন পাইপলাইনে লিকেজের ঘটনা ঘটেছে। প্রায় এক মাস ধরে সেখান থেকে গ্যাস নির্গত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টার কারণেই এ লিকেজের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও সরেজমিনে দেখা যায়, নরসিংদী থেকে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহকারী প্রধান পাইপলাইনের একটি অংশ দিয়ে গ্যাস বের হচ্ছে। প্রথমদিকে নদীর পানিতে বুদবুদ দেখে এলাকাবাসী বিষয়টিকে স্বাভাবিক মনে করলেও পরে বুদবুদের পরিমাণ বাড়তে থাকলে তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
তিতাস গ্যাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে জানতে পারেন, নদীর তীরবর্তী একটি নবনির্মিত চুনাপাথরের কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই সংযোগের স্থান থেকেই লিকেজের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, গত জুন মাসে এলাকায় একটি চুনাপাথরের কারখানা স্থাপন করা হয়। পরে জুলাইয়ের শুরুতে কারখানায় গ্যাস সরবরাহের উদ্দেশ্যে উচ্চচাপের পাইপলাইন থেকে অবৈধভাবে সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়। তবে বৃষ্টি ও নদীর পানি বেড়ে যাওয়ায় সংযোগের কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে থাকে। এরপর ধীরে ধীরে লিকেজ বাড়তে থাকে এবং আশপাশে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বাশার ও রিয়াদ মিয়া জানান, তীব্র গ্যাসের গন্ধে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। দ্রুত লিকেজ মেরামত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
তিতাস গ্যাসের ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপক (অপারেশন) শামীম হোসেন বলেন, এটি উচ্চচাপের গ্যাস সঞ্চালন লাইন। অবৈধভাবে একটি চুনাপাথরের কারখানায় সংযোগ নেওয়ার আলামত পাওয়া গেছে। খবর পাওয়ার পর থেকেই মেরামতের কাজ চলছে এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাহিদ হাসান খান। তিনি বলেন, একটি অসাধু চক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে জেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।
উচ্চচাপের গ্যাস লাইনে দীর্ঘদিন ধরে লিকেজের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত লিকেজ মেরামত এবং অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এমএম/