দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় মাগুরা শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের চৌরঙ্গী মোড় হয়ে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশে নানা ধরনের বিশৃঙ্খলা, বৈষম্য ও রাজনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে দুর্নীতি, অনিয়ম, দলীয়করণ ও বৈষম্যের সুযোগ কমে যাবে। তারা অভিযোগ করেন, এসব কারণে সনদ বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে। একই সঙ্গে তারা বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে সনদ বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে প্রশাসনের উদ্দেশে বক্তারা সংযমের আহ্বান জানিয়ে বলেন, জনগণের দাবিকে উপেক্ষা করা হলে তারা আবারও রাজপথে নামবেন। তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন সরকারি নিয়োগে দলীয়করণ করা হচ্ছে এবং নির্বাচন কমিশন নিয়েও প্রশ্ন তোলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে কখনো দাবিয়ে রাখা যাবে না। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন। বাস্তবায়ন না হলে ইসলামী দলগুলো কঠোর কর্মসূচিতে নামবে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করেই ঘরে ঢুকবো।
মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু বলেন, সরকারের প্রতি আমাদের আহ্বান, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন। তা না হলে আমরা ঘরে ফিরে যাব না। জুলাই সনদ বাস্তবায়ন করেই আমরা ঘরে ঢুকবো।
সমাবেশ শেষে নেতাকর্মীরা নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় হয়ে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়।
কেএম