দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা, বর্তমানে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাসকারী রিয়াজুল বখতিয়ার (৪৮)।
র্যাব জানায়, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেটকারে করে মাদকের বড় চালান কক্সবাজারে আনা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট বসানো হয়। দুপুর ১২টা ৪৫ মিনিটে সন্দেহভাজন সাদা রঙের সেডান কারটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে চালক ও যাত্রীর বক্তব্যে অসংগতি ধরা পড়ে।
পরে গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আটক নজির আহাম্মেদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর বংশাল, চট্টগ্রামের কোতোয়ালি ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিদেশি নাগরিক আইনে মোট ছয়টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সাধারণ যাত্রীর ছদ্মবেশে ট্রলি ব্যাগে করে মাদকের চালানটি পরিবহন করা হচ্ছিল।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গাঁজা, প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ তাদের ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএস/