দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে মাদকসংক্রান্ত বিরোধের জেরে সাগর আহমেদ (২৪) নামে এক যুবকের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেন আনু (৪১)কে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।
পিবিআই জানায়, গত ২৭ জুলাই রাত ৮টার দিকে সাগর আহমেদ তার বন্ধু শাহরিয়ার আলম স্বাধীনকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দুই দিন পর, ২৯ জুলাই দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া ঘাট এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে পানির মধ্যে একটি মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা সেটি সাগরের মরদেহ হিসেবে শনাক্ত করেন।
তদন্তে পিবিআই জানতে পারে, ওই রাতে সাগর ও তার বন্ধু মোটরসাইকেলে করে চর ঘোস্তা খেয়াঘাট এলাকায় গেলে কয়েকজন ব্যক্তি তাদের আটক করে অবৈধ জিনিস থাকার অভিযোগ তোলে এবং ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে আতঙ্কিত হয়ে সাগর নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পিবিআইর দাবি, এ সময় সাগরের বন্ধু স্বাধীনকে আটক রেখে তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করা হয় এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, আসামিদের অবৈধভাবে আটক, ভয়ভীতি প্রদর্শন ও অবহেলার কারণেই সাগরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তদন্তের মাধ্যমে ৩০ জুলাই সদর উপজেলার নবগ্রাম এলাকা থেকে প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তও চলমান রয়েছে।
এমএস/