দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে প্রায় ৩০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি ইয়েলোফিন টুনা মাছ। পরে মাছটি ৪০ হাজার ৪৬০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে কুয়াকাটা মেয়র মৎস্য মার্কেটে মাছটি বিক্রির জন্য আনা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন এটি কিনে নেন। এ সময় বিরল মাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
ধরা পড়া মাছটির ওজন ২৯ কেজি ৯০০ গ্রাম। স্থানীয় জেলেদের কাছে এটি ‘হলুদ পাখনা টুনা’ নামে পরিচিত। এ অঞ্চলে এ ধরনের মাছ খুব কমই ধরা পড়ে।
জানা যায়, গত বুধবার (২৯ জুলাই) ভোরে এফবি সজিব নামে একটি মাছ ধরার ট্রলারে পায়রা বন্দরসংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা এলাকায় মাছটি ধরা পড়ে। ট্রলারটিতে জেলে হিসেবে কর্মরত ছিলেন জীবন মাঝি (৩৫)।
জেলে জীবন মাঝি বলেন, এ ধরনের দামি মাছ তাদের জালে সচরাচর ধরা পড়ে না। ভালো দামে বিক্রি করতে পেরে তারা আনন্দিত।
মাছের ক্রেতা তৈয়বুর রহমান বলেন, এ ধরনের মাছ খুব একটা পাওয়া যায় না। মাছটি সুস্বাদু হলেও দাম বেশি হওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে। তবে কেটে বিক্রি করলে অনেকেই সামর্থ্য অনুযায়ী কিনতে পারবেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ইয়েলোফিন টুনা বিশ্বের ক্রান্তীয় ও উপক্রান্তীয় মহাসাগরের গভীর জলের দ্রুতগতির মাছ। পূর্ণবয়স্ক একটি মাছের ওজন ২০০ কেজি পর্যন্ত হতে পারে। অনুকূল পরিবেশে এসব মাছ মাঝে মধ্যে উপকূলের কাছাকাছিও চলে আসে। তিনি আশা প্রকাশ করেন, পায়রা, বিষখালী, বলেশ্বর ও সুন্দরবনসংলগ্ন মোহনায় ইলিশের পাশাপাশি ভবিষ্যতে আরও ইয়েলোফিন টুনা ধরা পড়বে।
বিশেষজ্ঞদের মতে, ইয়েলোফিন টুনা উচ্চমানের প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি ও বি-১২ সমৃদ্ধ। এ মাছ হৃদ্স্বাস্থ্য ভালো রাখা, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি, হাড় মজবুত করা এবং রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক।
এমএস/