দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির চার উপজেলার চার জুলাই শহীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনব্যাপী ঝালকাঠির সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার শহীদদের নিজ নিজ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ছাত্রদলের নেতারা। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের হাতে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা পাওয়া শহীদরা হলেন- ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এলাকায় র্যাবের গুলিতে নিহত ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ এলাকার মো. হৃদয় হাওলাদার, একই দিন যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত নলছিটি উপজেলার রানাপাশা এলাকার মো. নাঈম হাওলাদার, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি এলাকার রুবেল হোসেন এবং একই দিন রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. রাকিব হাওলাদার।

শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে সন্তান হারানোর বেদনায় শোকাহত মায়েদের কান্নায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছাত্রদলের নেতারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তারা শহীদদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান মামুন, ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন, সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক মুবিনুল ইসলাম সাদ্দাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ জুবেল, সাবেক সদস্য রাকিবুল ইসলাম রাকিব এবং কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতারা বলেন, জুলাই আন্দোলনে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় শহীদ পরিবারগুলোর খোঁজখবর রাখছেন এবং তাঁদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলেও তারা উল্লেখ করেন।
কেএম