দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সনাতনী সমাজ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সনাতনী জোটের সভাপতি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি মনিরুল হক চৌধুরী এবং ছিনতাইকারীদের হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রীকে জড়িয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সনাতনী সমাজ।
তিনি বলেন, গত মে মাসে চট্টগ্রাম থেকে কুমিল্লা ফেরার পথে ছিনতাইকারীদের হাতে নিহত হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। তার মৃত্যুর পর শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এমপি মনিরুল হক চৌধুরী। পাশাপাশি আর্থিক সহায়তা করেন এবং নিহতের স্ত্রীকে চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন। এছাড়া এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে সংসদে বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন।
বক্তারা দাবি করেন, একটি বিশেষ মহল ভিন্ন একটি রাজনৈতিক ইস্যালু আড়াল করতে এমপি মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মনিরুল হক চৌধুরীর উদ্যোগে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও কুমিল্লা ওয়াসা গঠন, সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে চলছে।
সংবাদ সম্মেলনে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদার, বিএনপি নেতা মাহবুবুল আলম চপলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএস/