দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। একটি বিকাশ অ্যাকাউন্টে মাত্র তিন ঘণ্টায় ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকার লেনদেনের তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে প্রদীপ হালদার (৩০) এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার খরাতীর ছেলে সমির চন্দ্র খরাতী (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলার একটি বিকাশ অফিসে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার অভিযোগে সমির চন্দ্র খরাতীকে আটক করা হয়। তার কাছ থেকে ১৭টি সিম কার্ড, দুটি ল্যাপটপ এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরে সমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামে অভিযান চালিয়ে বিকাশ এজেন্ট প্রদীপ হালদারকে আটক করে পুলিশ।
এ ঘটনায় মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান সিকদার বাদী হয়ে অনলাইন জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এমএম/