দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে একটি বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায় (৫০)কে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি রিতোষ রায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার দ্বিতীয় আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়া (২৫)কে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান।
পুলিশ জানায়, প্রধান আসামি রিতোষ রায় ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গরংগল গ্রামের হিরন রায়ের ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘটনাস্থলের ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। অপর আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়া সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের নান্নু ডাকুয়ার ছেলে।
তদন্তে পুলিশ জানতে পারে, গত ১৭ জুলাই রথযাত্রা উপলক্ষে ভবনের অধিকাংশ বাসিন্দা বাইরে থাকায় পূর্বপরিকল্পনা অনুযায়ী রিতোষ ও জুয়েল ভবনের দ্বিতীয় তলায় মালিক তপন রায়ের বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। দরজা ভাঙার শব্দে গৃহবধূ মলিনা রায় জেগে উঠলে তিনি একই ভবনের ভাড়াটিয়া রিতোষকে চিনে ফেলেন। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় দুই আসামি তার মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলেন। পরে মুখে একটি বাজারের ব্যাগ গুঁজে শ্বাসরোধে তাকে হত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর ঘটনাটিকে সাধারণ চুরির ঘটনা হিসেবে দেখাতে প্রধান আসামি রিতোষ নিজের ভাড়া করা বাসাও এলোমেলো করে রাখেন। এরপর দুই আসামি ভবনের পেছনের দেয়াল টপকে পালিয়ে যান।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে পুলিশ প্রধান আসামি রিতোষকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-১০ দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে দ্বিতীয় আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে গ্রেপ্তার করে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, ‘গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দুই আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’
গত ১৭ জুলাই রাতে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকার একটি তিনতলা ভবনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে নিহতের মেয়ে পূজা রায় বাসায় ঢুকে মাকে হাত-পা বাঁধা ও মুখে বস্তা পরানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মলিনা রায় ওই ভবনের নিচতলার ভাড়াটিয়া এবং রতন রায়ের স্ত্রী। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন।
এমএম/