দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের প্রান্তিক ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত বিভিন্ন কার্ড বিতরণে চরম দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি)।
তিনি বলেন, মাত্র কয়েক কেজি চাল বা ‘জেলে কার্ড’ দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। সরকারকে ‘কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নেত্রকোনার মোহনগঞ্জ রেল স্টেশন চত্ত্বরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, হাওর অঞ্চলের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির দুর্নীতি নিয়ে তিনি সরকারের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, এইসব কার্ড কি সত্যি দুস্থ মানুষের কাছে পৌঁছায়, নাকি কেবল ছাত্রদল, যুবদল বা আপনাদের দলীয় লোকদের পকেটে যায়? আমরা দেখেছি, সামাজিক নিরাপত্তার সুবিধা শুধু দলীয় লোকেরাই পায়, গরিব মানুষ পায় না।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে নাহিদ ইসলাম প্রশ্ন রাখেন, আপনাদের কি জেলে কার্ড দেওয়া হয়েছে? উপস্থিত জনতা সমস্বরে “না” বলে উত্তর দিলে তিনি বলেন, কয়েক কেজি চাল দিয়ে একজন মানুষকে কয়দিন বাঁচিয়ে রাখা যায়? এই কার্ডের খেলা বন্ধ করুন। প্রতিটি ঘরে শিক্ষিত-অশিক্ষিত তরুণ-তরুণী বেকার বসে আছে। উপজেলা ও জেলা পর্যায়ে তাদের কর্মসংস্থান নিশ্চিত না করলে এই সমস্যার সমাধান হবে না।
হাওর অঞ্চলের উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ বিস্তীর্ণ হাওর অঞ্চল বাংলাদেশের অন্যতম বড় সম্পদ। এখানে মৎস্য ও পর্যটন শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। সরকারের সঠিক পরিকল্পনার অভাবে এই অঞ্চলটি অবহেলিত। তিনি ঘোষণা দেন, হাওর অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ ও মহাপরিকল্পনা প্রণয়নের দাবিতে তিনি জাতীয় সংসদে সোচ্চার হবেন।
অর্থনীতির দুরবস্থা প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি ও লুটপাট কমিয়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। তবেই সারা দেশে একটি শক্তিশালী অর্থনীতি গড়ে উঠবে এবং তা পুরো বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।
মোহনগঞ্জ রেল স্টেশন চত্ত্বরে আয়োজিত এই পদযাত্রা ও সমাবেশে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ স্থানীয় জাতীয় নাগরিক পার্টির অনেক সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
কেএম