দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নগরপাড়া বাজার থেকে খালের সেতু পর্যন্ত নির্মিত একটি ঢালাই সড়ক নির্মাণের এক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ধসে পড়েছে। একই সঙ্গে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কের একটি অংশে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পাঁচটি গ্রামের প্রায় সাত হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কটি নিম্নমানের নির্মাণকাজ ও অপরিকল্পিত বাস্তবায়নের কারণে দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রেনেজ বা পাইপলাইন না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজার এলাকার পানি সড়কে জমে থাকে। ফলে নগরপাড়া, কাজীবাড়ি, পূর্বপাড়াসহ আশপাশের গ্রামের বাসিন্দাদের নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন বলেন, সড়কের নিচে পানি চলাচলের জন্য কোনো পাইপ না থাকায় পুরো এলাকা জলাবদ্ধ হয়ে থাকে। এতে প্রতিদিন সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ব্রাইট শিশু কানন হাই স্কুলের শিক্ষার্থী রাহিদ জানায়, প্রতিদিন নোংরা পানির মধ্য দিয়ে স্কুলে যেতে হয়। এতে অনেক শিক্ষার্থীর পায়ে চুলকানি ও ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।
ব্যবসায়ী আবুল হাশেম বলেন, সড়কের জমে থাকা পানি দোকানের ভেতরে ঢুকে ব্যবসায় ক্ষতি করছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে শিশু, বৃদ্ধসহ অনেকেই চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া জরুরি রোগী পরিবহনের জন্য কোনো যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। রোগীদের খাটিয়া বা কাঁধে করে মূল সড়কে নিতে হচ্ছে।
তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজের কারণে সরকারি অর্থের অপচয় হয়েছে। দ্রুত সড়কটি পুনর্নির্মাণ, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। দাবি পূরণ না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করারও হুঁশিয়ারি দিয়েছেন।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, বিষয়টি তার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, বিষয়টি অবগত হয়েছেন এবং দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
যে আই