দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় একটি বসতবাড়ি থেকে প্রায় ৪ ফুট দৈর্ঘ্যের একটি পদ্মগোখরা সাপ উদ্ধার করে পরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অরূপ দাসের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) কলাপাড়া শাখার সদস্যরা।
উদ্ধারকারীরা জানান, হালকা বাদামি রঙের সাপটি প্রাথমিকভাবে পদ্মগোখরা প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। এটি অত্যন্ত বিষধর হওয়ায় ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাপটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
বাওয়া কলাপাড়া শাখার সদস্য কে এম বাচ্চু বলেন, সাপটি উদ্ধারের পর বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, বসতঘরের আশপাশে সাপটির উপস্থিতি টের পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও উদ্ধারকারী দলের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারা নিরাপদে সাপটি উদ্ধারের জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান।
বন্যপ্রাণী সংরক্ষণকর্মী ও অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, সাপসহ সব বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষা মৌসুমে বসতবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বাওয়ার মাধ্যমে খবর পাওয়ার পর সাপটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সাপটি সুস্থ থাকায় চিকিৎসার প্রয়োজন হয়নি এবং পরে সেটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
এমএস/