দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রবিউল শিকদার রবি (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। দ্রুত অভিযোগপত্র দাখিল করে বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, কৃষকদলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় নিহত শিশুর বাবা মফিজুর শেখ সোমবার রাতেই রবিউল শিকদারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।
এদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চের সামনে 'নড়াইলবাসী' ব্যানারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় গ্রেপ্তার হওয়া রবিউলকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার পথে বিক্ষোভকারীরা ডিবি পুলিশের গাড়ি থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ অভিযুক্তকে নিরাপদে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়।
এরপর বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এবং নড়াইল-মাগুরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহমুদা খানম রিমিসহ আন্দোলনকারীরা অভিযোগ করেন, ডিবি পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি।
পরে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। একই সময়ে নড়াইল-কালনা মহাসড়কের দত্তপাড়া এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়রাও প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম জানান, এ মামলাটি দ্রুত বিচার আইনে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। পরে তিনি নিহত শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর (পাচুড়িয়াপাড়া) গ্রামে প্রতিবেশী রবিউল শিকদার পাঁচ বছরের জান্নাতুলকে ঘর থেকে ডেকে নিয়ে যান বলে অভিযোগ। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্তের ঘর থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএস/