দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বয়রা-গোবরা গ্রামের একটি কালভার্ট ধসে পড়ায় ওই এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষকসহ প্রতিদিন চলাচলকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
বুধবার (১৫ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, গত বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে খালের পানির প্রবল স্রোতে শুক্রবার সকালে কালভার্টটির নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে একপর্যায়ে ধসে পড়ে। এতে প্রায় ৩০ ফুট সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে সড়কটির উন্নয়নকাজ শেষ হলেও চার থেকে পাঁচ বছর আগে নির্মিত কালভার্টটি অল্প সময়ের মধ্যেই ধসে পড়েছে। তারা দ্রুত বিকল্প যাতায়াতের ব্যবস্থা এবং টেকসই নতুন কালভার্ট নির্মাণের দাবি জানান।

কালভার্টটি ধসে পড়ায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে বাড়তি সময় ও খরচ করে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। স্থানীয় উদ্যোগে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হলেও অনেকেই ঝুঁকি নিয়ে তা ব্যবহার করছেন, যা যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ধসে পড়া কালভার্টটি পরিদর্শন করা হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে দ্রুত একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়েছে। পাশাপাশি নতুন কালভার্ট নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ ন ম ওয়াহিদুজ্জামান বলেন, ধসে যাওয়া কালভার্টের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএম/