দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বিজিবি।
বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পাশাপাশি র্যাব ও পুলিশও যৌথভাবে টহল দিচ্ছে।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। মূলত এই দিনটিকে কেন্দ্র করে পুনরায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি হতে পারে—এমন আশঙ্কায় জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও চেকপোস্ট বসানো হয়েছে। যানবাহনে তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি ও সার্বিক দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট ও বিশেষ নজরদারি টিমও কাজ করছে।
/অ