দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মিছিলকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন ও সহসভাপতি সুমন খন্দকারের নেতৃত্বে দেড় শতাধিক নেতাকর্মী ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ভিডিও প্রকাশ করেন। নেতাকর্মীদের দাবি, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের স্মরণে তারা এ কর্মসূচি পালন করেছেন।
এদিকে মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী, সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর মহাসড়কে নিরাপত্তা জোরদার করে পুলিশ। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।
এমএস/