দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার প্রভাবে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে চরম দুর্ভোগ নেমে এসেছে। কয়েকদিন ধরে উত্তাল সাগরের কারণে মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি। বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের যাত্রীবাহী জাহাজ ও ট্রলার চলাচল।
নৌযান চলাচল বন্ধ থাকায় খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যাচ্ছে পুরো দ্বীপ। ল্যাম্প, মোমবাতি ও চার্জলাইটের আলোয় রাত কাটাতে হচ্ছে বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দা ফারুক আলম বলেন, টানা বৃষ্টি ও সাগরের পানির উচ্চতা বৃদ্ধির কারণে দ্বীপের বিভিন্ন নিম্নাঞ্চলে জোয়ারের পানি ঢুকে পড়েছে। উপকূল রক্ষাবাঁধ না থাকায় অনেক বসতবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ দিতে না পারায় স্বজনদের সঙ্গে যোগাযোগেও সমস্যা হচ্ছে। রাতে জোয়ারের পানি আরও বাড়তে পারে এই শঙ্কায় অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন।
দ্বীপে বিদ্যুৎ সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান ব্লু-মেরিন এনার্জি লিমিটেড সোলার ও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে। তবে বৈরী আবহাওয়া, জ্বালানি সংকট এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কয়েকদিন ধরে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না।
আরেক বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, নৌযান চলাচল বন্ধ থাকায় প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে মানুষ ঘর থেকেও বের হতে পারছেন না। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি।
বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় জেলেরাও মাছ ধরতে যেতে পারছেন না। ফলে জীবিকাও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পুরো দ্বীপ অন্ধকারে রয়েছে। উত্তাল সাগর ও জোয়ারের পানিতে ঘরবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কায় মানুষ আতঙ্কের মধ্যে দিন-রাত কাটাচ্ছেন। উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে। পাশাপাশি বিজিবি ও কোস্ট গার্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেন্টমার্টিনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে দ্বীপবাসীকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
জে আই