দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচ দেখা নিয়ে সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে কুমিল্লায় মো. শরিফুল ইসলাম (৩৫) নামে নীলফামারীর এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কুমার দাস জানান, একটি চায়ের দোকানে আর্জেন্টিনা ও মিশরের ফুটবল ম্যাচ দেখার সময় সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় শরিফুল ইসলামের মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, খেলা শেষ হওয়ার পর উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শরিফুল ইসলাম নিজ বাসায় চলে যান। কিছু সময় পর তিনি অসুস্থ বোধ করলে স্থানীয় লোকজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো হত্যা মামলাও দায়ের হয়নি।
এমএম/