দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের পেকুয়ায় টানা ভারী বর্ষণের মধ্যে পাহাড়ধসে মাটি চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার নানী। এ নিয়ে একদিনে জেলায় পাহাড়ধসে ৮ রোহিঙ্গাসহ মোট ১০ জনের মৃত্যু হলো।
সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খুন্যাভিটার আলিম্মার ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ (৬) ওই এলাকার কলিম উল্লাহর ছেলে। আহত জান্নাতুল ফেরদৌস (৬৫) নিহত শিশুটির নানী।
স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর আলম জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছিল। বিকেলে পাহাড়ের ঢাল থেকে একটি বড় গাছ ভেঙে কলিম উল্লাহর বসতঘরের ওপর পড়ে। পরে জান্নাতুল ফেরদৌস নাতি মিনহাজকে নিয়ে গাছের ডালপালা সরানোর চেষ্টা করলে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে তাদের ওপর পড়ে।
এতে দুজনই মাটিচাপা পড়েন। স্বজনরা তাৎক্ষণিকভাবে বৃদ্ধাকে উদ্ধার করতে পারলেও মিনহাজ চাপা পড়ে থাকে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, রোববার মধ্যরাতের পর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসে ৮ জন রোহিঙ্গা নিহত এবং ৫ জন আহত হন। এছাড়া কক্সবাজার শহরের পাহাড়তলী সাত্তারঘোনা এলাকায় পৃথক আরেকটি পাহাড়ধসে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
এমএস/