দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগে আহত এক কলেজছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে হামলায় তিনি গুরুতর আহত হন। তবে পুলিশ বলছে, ঘটনাটি দুই পক্ষের জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রোববার (৫ জুলাই) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফি উল্লাহর (২২) মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
নিহত শফি উল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতনপাড়া এলাকার বাসিন্দা হাফেজ মুখতার আহমদের ছেলে। তিনি হ্নীলা মাঈনুদ্দীন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী ছিলেন।
নিহতের বড় ভাই সিদ্দিক আহমদ অভিযোগ করেন, দীর্ঘ আট বছর ধরে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমদ ও তার লোকজন তাদের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে রেখেছেন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এ ঘটনায় আদালতে দায়ের করা একটি মামলাও বিচারাধীন রয়েছে।
তার অভিযোগ, শনিবার (৪ জুলাই) মামলার তদন্তে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ওত পেতে থাকা কামাল আহমদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার চার ভাইসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত শফি উল্লাহ মাথায় আঘাত পান। পরে তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত কামাল আহমদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূলত যাতায়াতের পথ নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমএম/