দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবন করে বৃদ্ধ বাবা-মার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর ঘটনায় আকরামুল ইসলাম (৩৪) নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আকরামুল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সাজা ঘোষণার পর তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আকরামুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই বাড়িতে এসে তার ৮০ বছর বয়সী মা লুৎপুন্নাহার ও বাবা সিরাজুল ইসলামকে মারধর করতেন। এ ছাড়া ঘরবাড়ি ভাঙচুর ও নির্যাতন চালিয়ে আসছিলেন। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা লুৎপুন্নাহার প্রথমে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দেন। পরে তিনি ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে মোবাইল ফোনে বিষয়টি জানান।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আকরামুলকে গ্রেপ্তার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মাদক সেবন ও বাবা-মার ওপর নির্যাতনের সত্যতা মেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আকরামুলকে এই সাজা দেওয়া হয়েছে।
কেএম