দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। কেউ প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা চালিয়ে যেতে পারবে না এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে কোনো ধরনের হস্তক্ষেপও সহ্য করা হবে না।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের কুশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন ধরে দেশে মাদকের বিস্তার ঘটেছে। এখন যদি বিএনপির কোনো নেতাকর্মীও মাদক নিয়ন্ত্রণের নামে বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করেন, তবে তারও রক্ষা নেই। তিনি বলেন, "মাদকের ব্যবসা করে কিছু মানুষ সাময়িকভাবে প্রভাবশালী হয়ে ওঠে। তারা মনে করে অনেক কিছু হয়ে গেছে। এটি ভুল ধারণা। মাদকের ব্যবসা ছেড়ে দিন। না হলে কেউ যদি গর্তে পড়ে যায়, সেখান থেকে তাকে উদ্ধার করার মতো কেউ থাকবে না।"
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ সদস্যরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, "মাদকের বিষয়ে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আমার বা আপনাদের কারও তদবিরের সুযোগ থাকবে না। প্রশাসন তার নিজস্ব গতিতে কাজ করবে, আর রাজনীতি চলবে রাজনীতির গতিতে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতি এসেছে। এখন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে এ্যানি চৌধুরী বলেন, সরকার নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি দাবি করেন, প্রধান উপদেষ্টা তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারপ্রধান নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে, যা দিয়ে তারা প্রয়োজনীয় ব্যয় মেটানোর পাশাপাশি সঞ্চয়ও করতে পারছেন।
সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এমএম/