দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) সম্প্রদায়ের এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েছেন ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. আতিয়ার রহমান। অভিযোগের প্রাথমিক সত্যতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়ার দাবি করে তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঝিনাইদহ জেলা শাখা।
বৃহস্পতিবার (২ জুলাই) জেলা যুবদলের জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডে আতিয়ার রহমানকে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করতে এবং দাবি পূরণ না হলে ভয়ভীতি প্রদর্শন করতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। অডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। একই সঙ্গে বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
ঘটনার পর জেলা যুবদলের শীর্ষ নেতারা জরুরি বৈঠক করেন। প্রাথমিক তদন্তে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি করে সংগঠনটি আতিয়ার রহমানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. আতিয়ার রহমান দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা যুবদলের সভাপতি মো. আহসান হাবীব রনক ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম পিন্টুর নির্দেশক্রমে তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেলা যুবদলের নেতারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল সংগঠন। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধ বা চাঁদাবাজির দায় দল নেবে না। ধর্মীয় সংখ্যালঘুসহ দেশের যেকোনো নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সংগঠন 'শূন্য সহনশীলতা' নীতি অনুসরণ করবে।
নেতারা আরও বলেন, দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, হুমকি-ধমকি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও দল প্রয়োজনীয় সহযোগিতা করবে।
এমএম/