দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর উপজেলার একটি বাড়িতে গভীর রাতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
বুধবার (১ জুলাই) ভোররাতে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের চর-শ্রীপুর গ্রামে শ্রীকান্ত মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও ভুক্তভোগী পরিবার।
পরিবারের সদস্য দীপক মণ্ডল জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনি ও তার স্ত্রী সেতু মণ্ডল ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে চারজনের একটি দল তাদের পেছন থেকে ছুরির মুখে জিম্মি করে। পরে তাদের শয়নকক্ষে নিয়ে মুখ বেঁধে ফেলে দুর্বৃত্তরা।
তার ভাষ্য, হামলাকারীদের সবার পরনে টি-শার্ট ও জিন্সের প্যান্ট ছিল এবং গামছা দিয়ে মুখ ঢাকা ছিল। তারা ঘুমন্ত শিশু কন্যা অনুশ্রী মণ্ডলের গলায়ও ছুরি ধরে চিৎকার করলে হত্যার হুমকি দেয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, দুর্বৃত্তরা ঘর থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং মানিব্যাগে থাকা দুই থেকে তিন হাজার টাকা নিয়ে যায়।
লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের একটি স্বর্ণের হার, ২ আনা ওজনের দুটি আংটি এবং ২ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল।
পরিবারটি জানায়, রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে তাদের চিৎকার শুনে শ্রীকান্ত মণ্ডলের দুই ভাই সুমন মণ্ডল ও নিশিকান্ত মণ্ডল এগিয়ে এলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।
শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী পরিবার পুলিশকে জানিয়েছে, তারা হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় আতঙ্কের কারণে প্রথমে বিষয়টি কাউকে জানায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। অজ্ঞাত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এটি নেক্কারজনক ঘটনা। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
জে আই