দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার মৃত বেলিন তিমি ভেসে এসেছে। সোমবার দুপুরের দিকে কাউয়ার চর বসুধা আইল্যান্ডসংলগ্ন সৈকত থেকে তিমিটি শনাক্ত করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড় জমে সেখানে।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপরার আহ্বায়ক কেএম বাচ্চু জানান, স্থানীয় ট্যুর গাইড তরিকুল ইসলাম সকালে তিমিটি দেখতে পেয়ে তাদের খবর দেন। পরে বন বিভাগকে বিষয়টি জানানো হয়। মৃত তিমিটির দৈর্ঘ্য প্রায় ৫৬ ফুট এবং প্রস্থ ১৬ ফুট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে প্রাণীটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উপকূল ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এর আগে ২০১৮, ২০২২ এবং চলতি বছরের ৩ জুন কুয়াকাটা সৈকতে মৃত তিমি ভেসে এসেছিল। অল্প সময়ের ব্যবধানে আবারও এমন ঘটনা ঘটায় তিনি এর প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানান। একই সঙ্গে বারবার তিমি, ডলফিন ও সামুদ্রিক কচ্ছপের মৃত্যুর রহস্য উদঘাটনে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক রাজীব সরকার বলেন, বাহ্যিক বৈশিষ্ট্য দেখে এটি বেলিন তিমি বলে ধারণা করা হচ্ছে। সমুদ্রের পরিবেশগত পরিবর্তন, খাদ্যের সংকট, অসুস্থতা, জাহাজের সঙ্গে সংঘর্ষ বা সমুদ্রস্রোতের কারণে এ ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী উপকূলে ভেসে আসতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন।
তিনি আরও বলেন, তিমিটির নমুনা সংগ্রহ ও প্রজাতি শনাক্তের উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি ভবিষ্যৎ গবেষণার স্বার্থে এর কঙ্কাল সংরক্ষণের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক জানান, তিমিটি পচাগলা অবস্থায় থাকায় বন বিভাগ ও পৌরসভার সহযোগিতায় সেটিকে মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দুর্গন্ধের কারণে পর্যটক ও স্থানীয়দের ভোগান্তি না হয়।
এমএস/