দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে আখাউড়া-সিলেট বাইপাস রেলপথের পৌরশহরের খরমপুর রেলব্রিজে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম শুকুর মিয়া (৬০)। তিনি নরসিংদীর মাধবদী থানার দোয়ারি গ্রামের গাজী মিয়ার ছেলে। আর অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, ওরস উপলক্ষে খরমপুর মাজারে আসা লোকজন পুলিশের বাধা উপেক্ষা করে রেলসেতু পারাপার হচ্ছিল। এ সময় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস যাওয়ার সময় দুই পাশে থাকা কর্তব্যরত পুলিশ সদস্যরা হুইসেল বাজিয়ে ট্রেন যাওয়ার সংকেত দেন। তখন সবাই রেললাইন থেকে নেমে পড়লেও ওই দুই ব্যক্তি ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হচ্ছিল। পরে ট্রেনের ধাক্কায় তারা সেতু থেকে নদীতে ছিটকে পড়ে নিহত হন।
খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে মরদেহ দুইটি উদ্ধার করে। নিহত এক ব্যক্তির নাম-পরিচয় পাওয়া গেছে। আরেক জনের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে আখাউড়া খরমপুর মাজার শরীফে সপ্তাহব্যাপী বার্ষিক ওরস শুরু হয়েছে।
আরএ