দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার শাহজাহানকে আটক করা হয়েছে। তবে সহকারী লোকোমাস্টার পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কন্টেইনার ট্রেন আখাউড়া স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ অভিযান চালায়। র্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী জানান, ট্রেনের ইঞ্জিনে মাদকদ্রব্য বহন করা হচ্ছে বলে খবর পেয়ে তল্লাশি চালানো হয়। লোকোমাস্টার প্রথমে বাধা দেন এবং র্যাব সদস্যদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। পরে অতিরিক্ত সদস্য এনে তল্লাশি চালালে একটি বস্তার ভেতর থেকে আটটি গাঁজার প্যাকেট ও একটি স্কফের বোতল উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর র্যাব সদস্যরা লোকোমাস্টারকে তল্লাশির বিষয়ে অবহিত করেন। তিনি সহযোগিতা না করে উত্তেজিত আচরণ করেন। প্রায় দুই ঘণ্টা অভিযানের পর রাত সাড়ে ১২টার দিকে নতুন লোকোমাস্টার দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।
র্যাব জানিয়েছে, আটক লোকোমাস্টারকে জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযানের সময় আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং স্টেশন মাস্টার উপস্থিত ছিলেন।
এমএম/