দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে এক আয়কর আইনজীবী গুরুতর আহত হয়েছেন। অস্ত্রোপচারের পরও তার ডান চোখের দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়নি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
আহত শ্যামল চন্দ্র দাস (৪৫) ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা এবং পেশায় আয়কর আইনজীবী।
পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে পারিবারিক কাজে ঢাকায় যান শ্যামল। কাজ শেষে রাতে চট্টগ্রামগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ট্রেনটি আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে।
এ সময় একটি পাথর তার ডান চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নেমে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান।
পরিবারের ভাষ্য, মঙ্গলবার দুপুর থেকে কয়েক ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হলেও চিকিৎসকরা তার চোখটি রক্ষা করতে পারেননি। ফলে তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।
বুধবার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে এবং আহত আইনজীবীর একটি ছবিও ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় একজন যাত্রী আহত হওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় ফাঁড়িতে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
জে আই
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।