দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ঢাকাগামী শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়লে পুরো রেলপথ বন্ধ হয়ে যায়। এতে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং নির্ধারিত সময়ে কুড়িগ্রাম এক্সপ্রেস স্টেশনে পৌঁছাতে পারেনি।
রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাগামী যাত্রীরা বাস, অটোরিকশা ও সিএনজিযোগে তিস্তা রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হন। এতে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল কুড়িগ্রাম এক্সপ্রেসের। তবে দুর্ঘটনার কারণে ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে আসতে পারেনি।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ট্রাকটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যায়নি।
ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, “সময়ে স্টেশনে এসে জানতে পারি ট্রেন আসবে না। পরে বাধ্য হয়ে অন্য মাধ্যমে তিস্তা স্টেশনে যেতে হয়েছে। অনেক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।”
রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ে লাইন বন্ধ হয়ে গেছে। ট্রাক সরানোর কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
জে আই