দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর চাটখিলে সরকারি খাস জমি দখল করে গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বুলডোজার দিয়ে স্থাপনাটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খাস জমি দখল করে ওই স্থাপনা গড়ে তোলা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুপড়ি ঘরের আড়ালে সেখানে একটি চক্র মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেয়।
এর আগে গত রোববার চাটখিল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি এসি রিমোট, সিসিটিভি ক্যামেরা এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করে বলে জানা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়।
প্রশাসন সূত্রে আরও জানা গেছে, উচ্ছেদকৃত স্থাপনাটি চারলেন সড়ক প্রকল্পের আওতাধীন এলাকায় পড়েছে। উন্নয়নকাজ নির্বিঘ্ন করতে এবং সরকারি জমি দখলমুক্ত রাখতে এ অভিযান চালানো হয়।
ইউএনও মিজানুর রহমান বলেন, সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জে আই