দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে আনোয়ারা–বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান।
নিহতরা হলেন নবগঠিত মাতামুহুরি উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়ি টিক্কা এলাকার আবদু রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার (৪৫)।
আহতরা হলেন পেকুয়া উপজেলার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২) ও শাহেদ (২২), এবং নিহত হাসান আলীর পরিবারের দুই সদস্য পাখি বেগম (৫৫) ও রামিম (১০)।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ছয়জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। সেখানে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মো. মেহেদী হাসান।
জে আই