দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে কথিত গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধ অপপ্রচার এবং নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজাপুর সরকারি কলেজ ছাত্রদল।
রোববার (১৪ জুন) দুপুরে রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গুম ও অপহরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং প্রকৃত ভুক্তভোগীদের প্রতি অসম্মান প্রদর্শন করা হচ্ছে। তারা এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ সময় বক্তারা নারী নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান। তারা বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাহারিয়া সিকদার। তিনি বলেন, “মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে সমাজে অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।
এ সময় রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাকিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
এমএম/