দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত হওয়া এবং পরে উদ্ধারকারী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হলে এই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
পরে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ লোকোশেড থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। তবে উদ্ধারকারী ট্রেনটি ময়মনসিংহ আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে এর একটি বগিও লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় হাওর এক্সপ্রেস ও কমিউটার ট্রেনসহ কয়েকটি ট্রেন পথে আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়।
তিনি জানান, পরে উদ্ধারকারী রিলিফ ট্রেনও স্টেশনসংলগ্ন এলাকায় আংশিক লাইনচ্যুত হয়। একটি বগি বিচ্ছিন্ন রেখে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত পাওয়ার কারটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর ময়মনসিংহ স্টেশন থেকে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
জে আই