দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে ডুবে আব্দুর রহমান (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় ডুবুরি দলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান বরিশাল নগরীর কাশীপুর এলাকার মাছুম ও আসমা দম্পতির ছেলে। পরিবারসহ তিনি ঢাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার নানা শাহজাহান মোল্লার বাড়িতে বেড়াতে আসে আব্দুর রহমান। পরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে পাশের গজারিয়া নদীতে গোসল করতে নামে সে। এ সময় নদীর প্রবল স্রোতে তলিয়ে যায়।
ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে নদীর পাড়ে তার জুতা দেখতে পেয়ে বিষয়টি নিশ্চিত হন তারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার সন্ধ্যায় নদী থেকে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।
মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন জানান, পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে যায় আব্দুর রহমান। সাঁতার না জানার কারণে সে নদীর স্রোতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
এমএস/