দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, রেলওয়ে থানা ভাঙচুর এবং দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম আফজাল হোসেন বাদী হয়ে ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এই মামলাটি দায়ের করেন।
এর আগে, ভৈরব পৌর শহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার যুবকদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত ৪ জুন বিকেলে ভৈরব স্টেশন এলাকায় জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়ামকে মারধর করে পঞ্চবটি এলাকার লোকজন।
লিয়ামকে মারধরের খবর ছড়িয়ে পড়লে উভয় এলাকার লোকজন দেশীয় অস্ত্র, ইট-পাটকেল ও রেললাইনের পাথর নিয়ে স্টেশন এলাকায় দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো রেলওয়ে জংশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব যৌথ অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষকারীরা রেলওয়ে স্টেশন এলাকা দখল করে তাণ্ডব চালায়। তারা রেলওয়ে স্টেশন ও রেলওয়ে থানার ব্যাপক ক্ষতিসাধন করেছে। এছাড়া স্টেশন প্ল্যাটফর্ম ও সংলগ্ন এলাকার সাধারণ ব্যবসায়ীদের দোকানে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে যাত্রীসাধারণ ও স্থানীয়দের মনে চরম আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/অ