দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অপরদিকে গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নিহতরা বাবা-ছেলে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/