দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে প্রায় ১৯ ঘণ্টা পর তাদের পুনরায় ভারতে ফিরিয়ে নেওয়া হয়।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতের পান্নাছড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে এ চেষ্টা সফল হয়নি।
শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৯ ঘণ্টা ধরে ওই ১৭ জনকে সীমান্তের শূন্যরেখা এলাকায় রাখা হয়। পরে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বিএসএফ তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী কলমুডাঙ্গা গ্রামের ট্রাক্টরচালক মাহবুব আলম বলেন, ‘ওই ১৭ জনকে বিজিবি সদস্যরা পাহারায় রেখেছিলেন। রাতে বিএসএফ সদস্যরা তাদের টেনে-হিঁচড়ে নিয়ে যায়। তারা যেতে চাইছিল না এবং কান্নাকাটি করছিল। বিজিবির এমন ভূমিকা প্রশংসনীয়।’
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর সীমান্তে টহল জোরদার করা হয়। মানবিক কারণে প্রথমে তাদের শূন্যরেখার কাছে রাখা হলেও পরে পরিস্থিতি অনুযায়ী অবস্থান পরিবর্তন করা হয়। রাতের অন্ধকারে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টা করা ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তাদের নাগরিকত্ব সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এমএস/